হোম / অপরাধ
অপরাধ

রাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ২৪ ককটেল ও ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১৫ বার


রাজশাহী প্রতিনিধিঃ
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক কারবার, অবৈধ অস্ত্র ও নাশকতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‍্যাব।
এরই ধারাবাহিকতায় রাজশাহীতে র‍্যাব-৫ এর সিপিএসসি (CPSC) দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
কাশিয়াডাঙ্গায় গভীর রাতে অভিযান, উদ্ধার ২৪টি ককটেল।
র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ০৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত ককটেলগুলো নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পুঠিয়ার বানেশ্বরে পৃথক অভিযান, উদ্ধার ৪০টি দেশীয় অস্ত্র।
একই রাতে র‍্যাব-৫ রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। এ অভিযানে বিভিন্ন ধরনের মোট ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র‍্যাবের তথ্য অনুযায়ী উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—
রামদা: ৪টি
হাসুয়া: ৫টি
ছুরি: ৫টি
কুঠার সদৃশ টাঙ্গি: ১৮টি
হাতলযুক্ত হ্যামার: ২টি
উদ্ধারকৃত সব আলামতই নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয় এবং আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নির্বাচন ও গণভোটকে ঘিরে মজুদের আশঙ্কা
র‍্যাব-৫ এর প্রাথমিক ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে কেন্দ্র করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা কিংবা কোনো এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করে রাখা হতে পারে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৫ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
র‍্যাব আরও জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!