রংপুর প্রতিনিধি:
রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ কোডিনযুক্ত নেশাজাতীয় মাদক উদ্ধার করেছে। এ সময় এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ও সঙ্গীয় ফোর্স গত শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গঙ্গাচড়া মডেল থানাধীন ০৮ নং মর্ণেয়া ইউনিয়নের বড়রুপাই গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বড়রুপাই গ্রামের মোছাঃ মোর্শেদা বেগম (৫০), স্বামী—মৃত নুর আলম এর বসতবাড়ির গেটে পৌঁছামাত্র একজন নারী ও একজন পুরুষ পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশ ও নারী কনস্টেবলের সহায়তায় মোছাঃ মোর্শেদা বেগমকে আটক করা হলেও অপর অভিযুক্ত মোঃ মশিয়ার রহমান (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে আটককৃত আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে তার বসতবাড়ির গোয়াল ঘর থেকে বিশেষ কায়দায় মাটির হাড়ির ভেতরে লুকিয়ে রাখা ৫২ বোতল এবং শয়ন কক্ষের একটি কাঠের বক্সে থাকা মেরুন রঙের প্রিন্টের ব্যাগের ভেতর থেকে ৯৫ বোতল কোডিনযুক্ত নেশাজাতীয় মাদক ESkuf DX উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ১৪৭ বোতল মাদক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১১, তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply