হোম / অপরাধ
অপরাধ

মিম পেজে গোপন ছবি-ভিডিও প্রচার: কুড়িগ্রামে স্মারকলিপি, দ্রুত ব্যবস্থা দাবি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ৯২ বার
Oplus_16908288

কুড়িগ্রাম প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে গোপনে ছবি ও ভিডিও ধারণ করে মিম আকারে প্রচারের অভিযোগে কুড়িগ্রামে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখা। এতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও সাইবার হয়রানির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘Kurigram Exposed Ultraverse’ ও ‘Kurigram Memes Ultraverse’ নামে দুটি ফেসবুক পেজের মাধ্যমে জেলার বিভিন্ন প্রকাশ্য স্থানে আসা সাধারণ মানুষের—বিশেষ করে নারী, শিশু ও পরিবারসহ ভ্রমণকারীদের—অজান্তে ছবি ও ভিডিও ধারণ করে তা মিম আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে ভুক্তভোগীরা সামাজিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হচ্ছেন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড শুধু অনৈতিক নয়, মানবাধিকার পরিপন্থী এবং দেশের প্রচলিত সাইবার নিরাপত্তা আইনে দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে তারা যেকোনো অসামাজিক ও অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানায়।

স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—উল্লিখিত ফেসবুক পেজগুলোর অ্যাডমিনদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিটিআরসির মাধ্যমে পেজগুলো স্থায়ীভাবে বন্ধ করা; জেলার পার্ক, বিনোদন কেন্দ্র ও পর্যটন এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা; অসামাজিক কার্যক্রম প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তদারকি নিশ্চিত করা; এবং অনলাইন হয়রানি প্রতিরোধে সাইবার ক্রাইম ইউনিটকে আরও সক্রিয় করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক লোকমান হোসেন লিমনের স্বাক্ষরিত স্মারকলিপিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একটি নিরাপদ, শালীন ও হয়রানিমুক্ত কুড়িগ্রাম গড়ে তুলতে প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।

এ স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক, কুড়িগ্রামের সংসদ সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!