হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক হলেন সৈয়দা জান্নাত আরা

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫৭ বার

স্টাফ রিপোর্টারঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর পরিচালক পদে রদবদল করেছে সরকার। রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর অতিরিক্ত ডিআইজি সৈয়দা জান্নাত আরাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা ওই প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ কার্যকর করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দা জান্নাত আরা এর আগে কুড়িগ্রামের পুলিশ সুপার হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব ও প্রশাসনিক সক্ষমতার স্বীকৃতিস্বরূপ পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান।

পরে তিনি রংপুর পিটিসিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ কার্যক্রম, শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক দক্ষতায় তিনি প্রশংসা অর্জন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, দেশে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে অভিজ্ঞ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হচ্ছে। নতুন পরিচালক সৈয়দা জান্নাত আরার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, সচেতনতামূলক কার্যক্রম এবং অবৈধ মাদক পাচার রোধে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশের মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা, মাদক পাচার প্রতিরোধ, উদ্ধার অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!