হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৩০ বার

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুরের সঙ্গে সরাসরি মেইল বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনগণ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রংপুর-ভূরুঙ্গামারী মেইল বাস সার্ভিস বন্ধ থাকায় ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার লাখো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের যাতায়াতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত মেইল বাস সার্ভিস চালু না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তাইফুর রহমান মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন এবং নাহিদ হাসান প্রিন্স।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন বলেন, “যৌক্তিক কোনো কারণ ছাড়াই মেইল বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। রংপুরের সঙ্গে সরাসরি বাস চলাচল চালু হলে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার হাজার হাজার শিক্ষার্থী, রোগী এবং সাধারণ মানুষ সহজে যাতায়াত করতে পারবেন। দ্রুত এই সার্ভিস চালু করা না হলে কুড়িগ্রাম মালিক সমিতির বাস ভূরুঙ্গামারীতে প্রবেশ করতে দেওয়া হবে না।”

বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, “মেইল বাস সার্ভিস চালুর দাবিতে স্থানীয়রা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। তাদের দাবির বিষয়টি যথাযথভাবে জেলা প্রশাসককে অবহিত করা হবে।”

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!