হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড়ে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা, ক্ষোভে ঢাকাগামী বাসে আগুন

প্রকাশ: ৯ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১৪৮ বার

ভুরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনতা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে। সোমবার (৮ জুন) রাত প্রায় ৮টার দিকে আন্ধারীঝাড় হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্ধারীঝাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজু আহমেদ খোকনের পিতা আব্দুল হামিদ চৌধুরী (৭৫) মোটরসাইকেলযোগে একটি সংযোগ সড়ক থেকে মহাসড়কে উঠছিলেন। এ সময় ভূরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা মারাত্মকভাবে থেঁতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা স্বাধীন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন বাসটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির উল্লেখযোগ্য অংশ পুড়ে যায়।

এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

স্বাধীন পরিবহনের কাউন্টার ম্যানেজার সফি বলেন, “যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া বাসটি দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।”

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, গুরুতর আহত আব্দুল হামিদ চৌধুরীকে জরুরি বিভাগে আনা হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, আহতের একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাথায়ও গুরুতর আঘাত রয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে। পুলিশের সার্বিক তৎপরতায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। আহত ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ এবং সহকারী কমিশনার (ভূমি) আমিনুর রহমান তারেক ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!