হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ৪১৫০ কৃষক পেলেন বিনা মূল্যে বীজ ও সার রবি মৌসুমে সরিষা, বাদাম ও অড়হর চাষে সরকারি প্রণোদনা

প্রকাশ: 16 November 2026, 03:50 PM পড়া হয়েছে: ৯৯৩ বার

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)  প্রতিনিধি

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: রবি মৌসুমে তেলবীজ ও ডালজাতীয় ফসলের আবাদ বাড়াতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ৪ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।

২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকদের এ সহায়তা দেওয়া হচ্ছে। কর্মসূচিতে সরিষা, বাদাম ও অড়হর চাষে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক। উদ্বোধনের পর তিলাই, জয়মনিরহাট ও সদর ইউনিয়নের নির্বাচিত কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে অন্য ইউনিয়নগুলোতেও বিতরণ চলবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় সরিষা চাষের জন্য ৪ হাজার কৃষককে প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

বাদাম চাষ সম্প্রসারণে ১০টি ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ১০০ জন কৃষককে জনপ্রতি ১০ কেজি বাদামের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

অড়হর চাষের জন্য প্রতি ইউনিয়ন থেকে ৫ জন করে মোট ৫০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি বীজের পাশাপাশি ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।

কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে ভূরুঙ্গামারী উপজেলায় ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা, ৭৫ হেক্টর জমিতে বাদাম এবং ২ হেক্টর জমিতে অড়হর চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, “রবি মৌসুমে সরিষা, বাদাম ও অড়হরের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের উৎপাদন খরচ কমবে এবং অনাবাদি ও পতিত জমিতে ফসলের আবাদ বাড়বে।”

কৃষি বিভাগের আশা, এ প্রণোদনার মাধ্যমে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আয়ও বাড়বে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!