ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা রোস্তম আলীর স্ত্রী এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এলসিএস) কর্মী ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক বেলাল হোসেন (২০) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাশেদা বেগম সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক বেলাল হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সড়ক দুর্ঘটনায় রাশেদা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক নারীকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তার মাথায় মারাত্মক আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা চলাকালেই তিনি মারা যান।”
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার বিষয়টি জেনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply