ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৪ সালের একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোঃ শহিদুল ইসলাম (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার আন্ধারীঝাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার শহিদুল ইসলাম উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় (ফকিরপাড়া) গ্রামের মৃত আক্তার হোসেন ও মৃত ছকিনা বেগমের ছেলে। তিনি আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানার এফআইআর নং-১৭, তারিখ ২৩ অক্টোবর ২০২৪ এবং জিআর নং-২০৫-এর একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তার নাম উঠে আসে। মামলাটিতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শহিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরকারবিরোধী পোস্ট করতেন বলেও অভিযোগ রয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply