হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

ভূরুঙ্গামারীতে দুধকুমর নদ থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশ: 3 July 2026, 10:24 PM পড়া হয়েছে: বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমর নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছাটগোপালপুর এলাকায় দুধকুমর নদের চরে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে ভেসে আসা একটি মরদেহ দুধকুমর নদের কিনারে আটকে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত নারীর বয়স আনুমানিক ৩৬ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং এর কিছু অংশ বন্য প্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক বন্যার পানির স্রোতে ভারতের অভ্যন্তর থেকে মরদেহটি ভেসে এসে দুধকুমর নদের চরে আটকে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর স্থানীয় বিজিবির মাধ্যমে ভারতের ঝাউকুটি বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে মরদেহটি অজ্ঞাত পরিচয়ের এবং অর্ধগলিত হওয়ায় বিএসএফ সেটি গ্রহণে আগ্রহ দেখায়নি। পরে মরদেহটি থানায় নিয়ে আসা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, “মরদেহটির কোনো পরিচয় শনাক্ত করা যায়নি এবং এখন পর্যন্ত কোনো স্বজনও দাবি করেননি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী সময়ে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!