ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
বুধবার বিকেল ৩টা থেকে উপজেলার ভূরুঙ্গামারী ডিগ্রি ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে উপস্থিত হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে মানুষের উপস্থিতি বাড়তে থাকে এবং এক পর্যায়ে পুরো মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল-এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইউনুস আলী, জেলা কৃষক দলের আহ্বায়ক রিপোনুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল, কুড়িগ্রাম দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশীদ, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক গোলাম রসুল রাজা এবং ভূরুঙ্গামারী উপজেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ কাজী নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র মাসে সকল ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা জোরদার করে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বিপুল মানুষের উপস্থিতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়।
ইফতার শেষে প্রধান অতিথি মোস্তাফিজার রহমান মোস্তফা ভূরুঙ্গামারী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।
কুড়িগ্রাম
ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল ইফতার মাহফিল
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২০৮৫ বার
বিজ্ঞাপন

Leave a Reply