হোম / অপরাধ
অপরাধ

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ: 18 November 2026, 02:50 PM পড়া হয়েছে: ৩৫১ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতে উপজেলার সোনাহাট ও পাইকেরছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ জাফর আলী (৪৫) এবং পাইকেরছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মকবুল হোসেন (৬০)। জাফর আলী দক্ষিণ বলদিয়া (ইসলামাবাদ) এলাকার আঃ রহিমের ছেলে এবং মকবুল হোসেন গছিডাঙ্গা এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থানার এফআইআর নং-১৭, তারিখ ২৩ অক্টোবর ২০২৪, জিআর নং-২০৫-এর একটি মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারায় দায়ের করা অভিযোগের তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সোনাহাট এলাকা থেকে জাফর আলী এবং রাত ২টার দিকে পাইকেরছড়া এলাকা থেকে মকবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “গ্রেপ্তারকৃত দুজন বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন। মামলার ঘটনায় তাদের জড়িত থাকার বিষয়ে তদন্তে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। তারা এলাকায় ফিরে আসার পর সোর্সের মাধ্যমে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।” প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!