ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের রেললাইন বস্তি এলাকায় একটি বন্ধ মুদি দোকানকে কেন্দ্র করে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। মাদক ক্রেতারা দোকানের ঝাঁপে বিশেষ সাংকেতিক পদ্ধতিতে নির্দিষ্ট সংখ্যক টোকা দিলে দোকানের জানালার ছোট ফুটো দিয়ে ইয়াবা সরবরাহ করা হতো। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে বন্ধ দোকানের আড়ালে চলছে মাদক বেচাকেনা।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের সার্বিক নির্দেশনায় পুলিশ এই গোপন সংকেত ও কার্যক্রমের রহস্য উদঘাটন করে।
এরই ধারাবাহিকতায় গত শনিবার (৯ মে) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ভূরুঙ্গামারী থানার এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাইকেরছড়া রেললাইন এলাকায় অভিযান চালায়।
অভিযানে কুখ্যাত মাদক কারবারি মোঃ মকবুল হোসেন মণ্ডল ওরফে মণ্ডল শেখ (৪৯) ও তার স্ত্রী মোছাঃ হাসিনা বেগম (৪০)-কে তাদের বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই পাইকেরছড়া (রেললাইন) এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ সময় মকবুল হোসেন মণ্ডলের হেফাজত থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৮ হাজার ৮৬০ টাকা জব্দ করে পুলিশ।
এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-১৫, তারিখ ০৯/০৫/২০২৬।
ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসীর মামুন মুন জানান , মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply