লালমনিরহাট প্রতিবেদক:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আগত একটি পাথরবাহী ট্রাকে মর্টার শেল সদৃশ বস্তু প্রাপ্তির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এই বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতুহল সৃষ্টি হয় এবং তারা ঘটনাস্থলে ভিড় জমায়।
প্রাথমিক প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি পাথরবাহী ট্রাক থেকে এক শ্রমিক বস্তুটি দেখতে পান। এটিকে মূল্যবান মনে করে তিনি নিজ বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে বস্তুটি বুড়িমারী মাছের বাজার সংলগ্ন উঁচু ব্রিজের ধারে রাখা হলে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় এবং দ্রুতই খবরটি ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বস্তুটি ঘিরে কঠোর নজরদারি বৃদ্ধি করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে যে, ছোট আকারের বোমার মতো দেখতে এই মর্টার শেলটি পরিত্যক্ত হতে পারে। তবে বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষার পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অবগত হয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং বিজিবিও উপস্থিত রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply