হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ফুলবাড়ীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ, ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমাগম

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৯ বার


কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আল হাজ সোহেল হোসনাইন কায়কোবাদের সমর্থনে আয়োজিত এ জনসভা বিপুল জনসমাগমে জনসমুদ্রে পরিণত হয়।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জনসভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আল হাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।
সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, “দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে জনগণ আজ ঐক্যবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।”
প্রধান বক্তা আল হাজ সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “নির্বাচিত হলে ফুলবাড়ী-নাগেশ্বরী অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।” তিনি উপস্থিত জনগণের দোয়া ও সমর্থন কামনা করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি লোকমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহাবুব রহমান মাহাবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে।
এছাড়াও জনসভায় সদ্য বিএনপিতে যোগদানকারী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মইনুল হকসহ উপজেলা তাঁতী দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!