ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী–কচাকাটা) আসনে ১১ দলীয় ঐক্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেছেন, “নির্বাচিত হলে আমি নিজে দুর্নীতি করবো না এবং অন্য কাউকেও করতে দেব না।”
শুক্রবার বিকেলে কচাকাটা থানা জামায়াতে ইসলামী আয়োজিত কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি জনপ্রতিনিধি হিসেবে নয়, জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চান। তিনি বলেন, “উন্নয়নের মিথ্যা আশ্বাস আমি আপনাদের দেব না। তবে আল্লাহর রহমতে নির্বাচিত হলে এতটুকু নিশ্চয়তা দিতে পারি—আমি দুর্নীতিমুক্ত থাকবো এবং এলাকার কোনো উন্নয়ন কাজেও দুর্নীতি হতে দেব না।”
তিনি আরও জানান, রাস্তা-ঘাট, সেতুসহ যেসব উন্নয়ন বরাদ্দ আসবে, তা জনসম্মুখে প্রকাশ করা হবে।
জনসভায় তিনি কালীগঞ্জ ঘাটে দুধকুমার নদীর ওপর একটি সেতু নির্মাণ, সোনাহাট স্থলবন্দর ও কচাকাটার মধ্যবর্তী এলাকায় একটি ৩০ শয্যার হাসপাতাল স্থাপনের আশ্বাস দেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি।
জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। বিজয় নিশ্চিত করতে তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাঠে-ময়দানে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে কোনো ছাড় দিতে নারাজ জামায়াতে ইসলামী ও তাদের শরিক দলগুলো।
জামায়াতের কচাকাটা থানা আমির মাওলানা এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ।
এছাড়াও জেলা ছাত্র শিবিরের সভাপতি মোশাররফ হোসাইন, এনসিপির কচাকাটা থানার প্রধান সমন্বয়ক গোলাপ উদ্দিনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা জনসভায় বক্তব্য রাখেন।
কুড়িগ্রাম
নির্বাচিত হলে দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেব না: কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৯ বার
বিজ্ঞাপন

Leave a Reply