হোম / অপরাধ
অপরাধ

নাগেশ্বরীর কচাকাটায় ৩০ কেজির দামে ২৮ কেজি চাল, খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ। তদন্তে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।

প্রকাশ: 20 November 2026, 01:59 AM পড়া হয়েছে: ৩৮ বার

কচাকাটা প্রতিনিধি

দেশের হতদরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্য অধিদপ্তরের আওতায় পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা উদ্যোগ। কিন্তু এ কর্মসূচির চাল বিতরণে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকার কচাকাটা ও বল্লভেরখাস  ইউনিয়নে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত ৩০ কেজির পরিবর্তে ২৪,২৫,২৬,২৭,২৮ কেজি চাল দেওয়া, নিম্নমানের ও পচা চাল বিতরণ, সুবিধাভোগীদের নির্ধারিত কেন্দ্রের পরিবর্তে দূরবর্তী স্থানে যেতে বাধ্য করা এবং বিতরণ কার্যক্রমে তদারকির অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে কচাকাটা ইউনিয়নের তরিরহাট এলাকার ডিলার জহুরুল হক এবং বল্লভেরখাস ইউনিয়নের

মমিনগঞ্জ বাজার-৩ বিতরণকেন্দ্রে গিয়ে চাল বিতরণে অনিয়মের চিত্র পাওয়া গেছে। সরকারি নিয়ম অনুযায়ী, প্রতিটি কার্ডধারীকে মাসিক ৪৫০ টাকার বিনিময়ে ৩০ কেজি চাল দেওয়ার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, সেখানে কার্ডপ্রতি মাত্র ২৮ কেজি করে নিম্নমানের, পচা ও খাওয়ার অনুপযোগী চাল দেওয়া হচ্ছে।

অর্থাৎ, একজন কার্ডধারীকে ৩০ কেজি চালের মূল্য পরিশোধ করেও ২ কেজি কম চাল দেওয়া হচ্ছে। এভাবে প্রতিটি কার্ডে ৩০ টাকা মূল্যের চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। শত শত কার্ডধারীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে।

সরেজমিন পরিদর্শনকালে আরও অভিযোগ পাওয়া যায়, কিছু ডিলার নিজেদের ইচ্ছামতো চাল বিতরণ করছেন। প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে কোনো কোনো বিতরণকেন্দ্রে চাল বিতরণ বন্ধ করে গুদামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এতে প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা হচ্ছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।

কার্ডধারীদের অভিযোগ, নির্ধারিত নিয়মে বিতরণ কার্যক্রম পরিচালনা এবং ওজন যাচাইয়ের ব্যবস্থা থাকলে এ ধরনের অনিয়মের সুযোগ থাকত না। কিন্তু কার্যকর মনিটরিং না থাকায় ডিলারদের স্বেচ্ছাচারিতা বাড়ছে।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি দেখা গেছে বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা ও মমিনগঞ্জ বাজার এলাকার কার্ডধারীদের ক্ষেত্রে।

অভিযোগ রয়েছে, মমিনগঞ্জ বাজার-২ খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রাহিমুল ইসলামের চাল বিতরণকেন্দ্র স্থানীয় নিয়ম অনুযায়ী গাবতলা মমিনগঞ্জ বাজারের আশপাশে থাকার কথা। কিন্তু তিনি ওই স্থান থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে মাদারগঞ্জ বিওপি ক্যাম্পের মোড়ে চাল বিতরণ করছেন।

ফলে গাবতলা ও আশপাশের গ্রামের হতদরিদ্র কার্ডধারীদের কয়েক কিলোমিটার পথ হেঁটে চাল সংগ্রহ করতে হচ্ছে। বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ, অসুস্থ ব্যক্তি ও দরিদ্র পরিবারের সদস্যদের জন্য এটি বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ডিলার রাহিমুল ইসলাম কখনো ২৮ কেজি, আবার কখনো ২৯ কেজি চাল বিতরণ করছেন। নির্ধারিত সময়ের মধ্যে সব কার্ডধারীকে চাল সরবরাহ না করেই দুপুরের দিকে গুদামঘর বন্ধ করে দেওয়ার অভিযোগও রয়েছে।

এতে অনেক কার্ডধারী দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিতরণকেন্দ্রে গিয়েও চাল না পেয়ে ফিরে আসছেন। আবার কেউ চাল পেলেও নির্ধারিত পরিমাণের চেয়ে কম পাচ্ছেন। ফলে সরকারের দরিদ্রবান্ধব কর্মসূচির সুবিধা পেতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরেও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ পরিবারকে বছরে ছয় মাস প্রতি মাসে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে দেওয়ার উদ্যোগ রয়েছে। অর্থাৎ, প্রতি পরিবারকে ৪৫০ টাকায় ৩০ কেজি চাল দেওয়ার কথা। খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২৮ অক্টোবর ২০২৬ তারিখে খাদ্যবান্ধব কর্মসূচি নীতিমালা-২০২৪ সংশোধনের তথ্যও প্রকাশ করা হয়েছে।

কিন্তু মাঠপর্যায়ে নির্ধারিত পরিমাণ ও মানের চাল যথাযথভাবে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসন ও খাদ্য বিভাগের দায়িত্ব। শুধু বরাদ্দ প্রদান এবং ডিলার নিয়োগ করলেই কর্মসূচির উদ্দেশ্য বাস্তবায়িত হবে না; নিয়মিত তদারকি, ওজন যাচাই এবং জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

ভুক্তভোগী কার্ডধারী ও স্থানীয় সচেতন মহলের দাবি, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ডিলার পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিতরণকেন্দ্রের নির্ধারিত অবস্থান, চালের ওজন, মান, মজুত ও বিতরণসংক্রান্ত রেজিস্টার নিয়মিত যাচাই করা প্রয়োজন।

তাঁদের মতে, প্রতিটি বিতরণকেন্দ্রে দৃশ্যমান ডিজিটাল ওজনযন্ত্র স্থাপন, চালের মান পরীক্ষা এবং কার্ডধারীদের উপস্থিতিতে সঠিক পরিমাণ চাল বিতরণ নিশ্চিত করা গেলে অনিয়মের সুযোগ অনেকাংশে কমে আসবে।

একই সঙ্গে যেসব ডিলারের বিরুদ্ধে ওজনে কম দেওয়া, নিম্নমানের চাল বিতরণ এবং নির্ধারিত স্থান ও সময় অনুসরণ না করার অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

অন্যথায় হতদরিদ্র মানুষের জন্য সরকারের এই মহতী উদ্যোগ মাঠপর্যায়ে কতিপয় অসাধু ব্যক্তির অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এখন প্রশ্ন হচ্ছে, নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এসব অভিযোগের বিষয়ে কতটা অবগত? নিয়মিত মনিটরিং হচ্ছে কি না এবং সরকারি বরাদ্দের সম্পূর্ণ চাল প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছাচ্ছে কি না—তার জবাবদিহি নিশ্চিত করবে কে? তবে এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন জানান এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে প্রমান পাওয়া গেলে ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!