হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

জামায়াত আমীরের ফেসবুক পোস্টের প্রতিবাদে বেলকুচিতে কর্মজীবী নারীদের ঝাড়ু মিছিল

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ অপরাহ্ণ পড়া হয়েছে: ৯৬ বার


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কর্মজীবী নারীদের উদ্দেশ্যে দেওয়া কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী ফেসবুক পোস্টের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কর্মজীবী সচেতন নারী সমাজ।
বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় প্রতিবাদী স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিলে অংশগ্রহণকারী কর্মজীবী নারীরা হাতে ঝাড়ু নিয়ে ডা. শফিকুর রহমানের নারীবিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, উক্ত ফেসবুক পোস্ট শুধু কর্মজীবী নারীদের নয়, বরং সমগ্র নারী সমাজের জন্যই চরম অবমাননাকর। এটি একটি পশ্চাৎপদ ও কুৎসিত মানসিকতার বহিঃপ্রকাশ, যা নারীর সম্মান ও মর্যাদাকে আঘাত করে।
বিক্ষোভকারীরা আরও বলেন, একজন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতার কাছ থেকে এ ধরনের ভাষা ও আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। এ ধরনের বক্তব্য সমাজে নারীদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে দেয় এবং নারীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে বিবেচিত।
মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক অগ্রযাত্রায় কর্মজীবী নারীদের অবদান অনস্বীকার্য। নারীরা ঘরে ও বাইরে সমানতালে দায়িত্ব পালন করে রাষ্ট্রের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। অথচ সেই নারীদের নিয়েই কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করা মানে পুরো নারী সমাজকে হেয় করা।
সমাবেশ থেকে ডা. শফিকুর রহমানের বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জোর দাবি জানানো হয়। পাশাপাশি বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে নারীদের বিরুদ্ধে এ ধরনের অবমাননাকর ও বিদ্বেষমূলক বক্তব্য বা পোস্ট দেওয়া হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় নারীর মর্যাদা, সম্মান ও অধিকার রক্ষায় সকল সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। ঝাড়ু মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে বেলকুচি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী নারী ছাড়াও স্থানীয় সচেতন নাগরিকরা সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!