নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনের রাষ্ট্রীয় শোক আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) শেষ হবে।
রাষ্ট্রীয় শোক পালন কর্মসূচির অংশ হিসেবে আজও বাংলাদেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
সকালে সচিবালয়ে গিয়ে দেখা যায়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থাকা নতুন ১ নম্বর ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে। অনেক কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করেছেন। তবে শোকের আবহ থাকলেও সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে।
রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আগামীকাল শুক্রবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
বুধবার তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। রাজধানীর জিয়া উদ্যানে বিকেল ৫টার কিছু আগে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নামে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় দৃশ্য হয়ে ওঠে।
জাতীয়
খালেদা জিয়ার মৃত্যুতে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক পালিত, সর্বত্র অর্ধনমিত জাতীয় পতাকা
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৯৪৪ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
6 minutes আগে
চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধে স্থবির নগরী, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ
4 days আগে

Leave a Reply