কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কচাকাটা থানাধীন কেদার বিওপি ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার নং ১০১৫-এর ১৪/এস এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের আহ্বানে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ২২ বিজিবির আওতাধীন কেদার বিওপি ক্যাম্প কমান্ডার জেসিও মো. নুর আলমের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল অংশ নেয়। অপরদিকে বিএসএফের ৮৯ রোস্তম ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর অরুন কুমার সিংহের নেতৃত্বে বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কর্তৃপক্ষ আল হাসান (৩০) নামের এক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। তিনি মাদারীপুর জেলার কেন্দুয়া ইউনিয়নের দেওরহাট গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল হালিম ফারাজী।
জানা যায়, গত বছরের ১৪ সেপ্টেম্বর চাকরির প্রলোভনে দালালের মাধ্যমে আল হাসান সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় পুলিশ তাকে আটক করে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠায়।
পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে শুক্রবার বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পন কুমার দাস জানান, বিজিবি আল হাসানকে থানায় হস্তান্তর করলে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার বাবা মাদারীপুর থেকে এসে ছেলেকে গ্রহণ করেন। পরে বাবার জিম্মায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।
অপরাধ
কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে পতাকা বৈঠক: বিএসএফের কর্তৃক আটক বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৫৪ বার
বিজ্ঞাপন

Leave a Reply