হোম / অপরাধ
অপরাধ

কালীগঞ্জে ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ১১ বার


গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে একটি ব্রিজের নিচ থেকে ইলিয়াস (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের কোরুইল্লার টেক ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইলিয়াস জামালপুর ইউনিয়নের ছৈলাদি এলাকার শরীফের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ থেকে ছৈলাদি সড়কের কোরুইল্লার টেক ব্রিজের নিচে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা কালীগঞ্জ থানায় খবর দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্র আরও জানায়, নিহত ইলিয়াসের বিরুদ্ধে স্থানীয় বখাটে যুবকদের সঙ্গে মেলামেশা ও মাদক সেবনের অভিযোগ রয়েছে। এছাড়া শনিবার রাতে দালান বাজারের তেল ব্যবসায়ী দক্ষিণবাগ এলাকার নাসির কাজীর ছেলে হানিফ কাজী ওই সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্তের হামলার শিকার হন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে প্রাণে বেঁচে যান। তবে ওই ঘটনার সঙ্গে ইলিয়াস সরাসরি জড়িত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, ইলিয়াস দুর্বৃত্তদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দ্রুতই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বিষয়ে কালীগঞ্জ ও কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর মর্গে পাঠানো হবে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!