কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের শংকোষ নদীতে প্রশাসনের নির্দেশ অমান্য করে আবারও ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ইউপি সদস্য মোহাম্মদ লুৎফর রহমানের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সেতুর সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনের ফলে কচাকাটা বিওপিগামী কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ সেতুটি ঝুঁকির মুখে পড়েছে।
জানা গেছে, ২২ জুন উপজেলা প্রশাসনের নির্দেশে কচাকাটা ও কেদার ইউনিয়ন ভূমি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন এবং ইউপি সদস্য লুৎফর রহমান এবং আয়নাল হক সহ বালু ব্যবসায়ীদের সতর্ক করেন। কিন্তু অভিযোগ রয়েছে, সেই নির্দেশ উপেক্ষা করে কেদার ইউপি সদস্য মোহাম্মদ লুৎফর রহমান বৃহস্পতিবার রাত থেকে পুনরায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন শুরু করেছে। নদীর তলদেশ থেকে লাগাতার বালু উত্তোলনের কারণে সেতুর পিলারের ভিত্তি দুর্বল হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে । ইউপি সদস্য জাতীয় পার্টির নেতা ও এলাকায় প্রভাবশালী হওয়ার কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না বলেও দাবি তাদের।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসেন জানান, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধকরণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল অবিলম্বে অবৈধ ড্রেজার জব্দ, বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের প্রশ্ন—প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার পরও প্রকাশ্যে কীভাবে এ অবৈধ কর্মকাণ্ড চলতে পারে?

Leave a Reply