চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জিন্নাত (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে এবং স্বজনরা এটিকে হত্যাকাণ্ড দাবি করে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করেছে।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে ওমর ফারুকের সঙ্গে জিন্নাতের বিয়ে হয়। জিন্নাত বাঁশখালী উপজেলার জলদি মিয়ার বাজার এলাকার মো. হোসেনের মেয়ে। দাম্পত্য জীবনে তাদের ৮ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে দাবি স্বজনদের।
জিন্নাতের খালাতো ভাই আজাদ জানান, “বিয়ের সময় আমরা স্বর্ণালংকার দিয়েছিলাম। পরে সেগুলো নিয়ে বিরোধ সৃষ্টি হয়। আজ সকাল ১২টার দিকে আমাদের ফোন করে জানানো হয়, সে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে আমরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাই।”
এলাকার তরুণ সমাজকর্মী টিপু বলেন, পারিবারিক সমস্যার কারণে প্রায় চার মাস জিন্নাত বাবার বাড়িতে ছিলেন। কয়েকদিন আগে স্থানীয় মুরুব্বিদের অনুরোধে তিনি আবার শ্বশুরবাড়িতে ফিরে যান। “শ্বশুরবাড়িতে যাওয়ার তিন দিনের মাথায় এমন ঘটনা ঘটায় আমরা এটিকে হত্যাকাণ্ড মনে করছি,” বলেন তিনি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
অপরাধ
আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি—এটি হত্যাকাণ্ড
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৭৮৯ বার
বিজ্ঞাপন

Leave a Reply