আনোয়ারুল ইসলাম জুয়েল , চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৫ম শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার হাসির দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রাণবন্ত ও হাসিখুশি এই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিদ্যালয়ের সহপাঠী ও খেলার সাথীরা এখনো তাকে খুঁজে ফিরছে অশ্রুসজল চোখে। হঠাৎ করেই সবার প্রিয় হাসির এমন করুণ বিদায়ে পরিবার, স্বজন এবং স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকার কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল হাসি। সোমবার দুপুরে টিফিনের সময় সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের দ্বিতীয় তলার ছাদে উঠেছিল সে। ছাদটির চারপাশে মাত্র ২ থেকে আড়াই ফুট উচ্চতার রেলিং থাকায় সেটি ঝুঁকিপূর্ণ ছিল। খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় হাসি।
তৎক্ষণাৎ তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম. আলিমুল রাজি।
নিহত হাসি স্থানীয় বাসিন্দা হামিদুল ইসলামের কন্যা।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল অভিযোগ করেছেন, বিদ্যালয়ের ছাদের রেলিং অত্যন্ত নিচু হওয়ায় শিক্ষার্থীদের জন্য তা মারাত্মক ঝুঁকিপূর্ণ। তারা দ্রুত তদন্ত করে ছাদের রেলিং উচ্চতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি নিহত শিক্ষার্থীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কুড়িগ্রাম
৫ম শ্রেণির ছাত্রী হাসির দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ চিলমারী
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৯২ বার
বিজ্ঞাপন

Leave a Reply