হোম / অপরাধ
অপরাধ

সিংগাইরে যৌথ বাহিনীর অভিযানে ২ বোমা ও ১১ ককটেল সদৃশ বস্তু উদ্ধার

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১২ বার


মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুটি বোমা ও ১১টি ককটেল সদৃশ বস্তুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দল ঘটনাস্থলেই বোমা ও ককটেলগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি চালানো হয় সিংগাইর উপজেলার ধল্লা ফোর্ড নগর খানপাড়া পশ্চিম পাশের ঢালসংলগ্ন জঙ্গলের ভেতরে।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়—দুটি কালো কসটেপ মোড়ানো আইইডি (দুই পাশে ব্যাটারি সংযুক্ত), লাল কসটেপে মোড়ানো ১১টি ককটেল সদৃশ বস্তু, ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি লোহার চাপাতি, প্রায় ৩১ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত একটি ছুরি, প্রায় ৫ ফুট লম্বা একটি সাইকেলের চেইন এবং প্রায় ৬ ফুট লম্বা একটি মোটরসাইকেলের চেইন।
উদ্ধারকৃত আইইডি ও ককটেলগুলো পরিবহনে ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঢাকার সাভার সেনানিবাস থেকে ৮ ইঞ্জিনিয়ারিং কোরের বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দলকে আনা হয়। সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলের পাশের ফাঁকা স্থানে আলামতগুলো সফলভাবে ধ্বংস করা হয়। এ ঘটনায় কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।
আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!