হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

শীতের আগমনেও ডুমুরিয়ার বিল-জলাশয়ে নেই অতিথি পাখির কলকাকলি

প্রকাশ: 16 November 2026, 05:32 PM পড়া হয়েছে: ৮২৩ বার

নিরাপদ আবাসস্থল সংকট, পাখি শিকার ও জলাভূমি ভরাটে হারিয়ে যাচ্ছে অতিথি পাখির বিচরণক্ষেত্র

নিউজ ডেস্কঃ

শীতের আগমন ঘটলেও খুলনার ডুমুরিয়া উপজেলার বিল ও জলাশয়গুলোতে দেখা মিলছে না অতিথি পাখির। একসময় শীতের শুরুতেই উপজেলার বিল ডাকাতিয়া, মধুগ্রাম, মাগুরখালী, শোভনা, সাহস ও খর্ণিয়া ইউনিয়নের বিস্তীর্ণ বিল, ঘের ও জলাভূমি অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠত। কিন্তু গত কয়েক বছর ধরে সেই চিরচেনা দৃশ্য অনেকটাই হারিয়ে গেছে। অতিথি পাখির আগমন কমে যাওয়ায় বিল-জলাশয়গুলোতে নেমে এসেছে এক ধরনের নীরবতা।

স্থানীয় সচেতন মহল ও পাখিপ্রেমীদের মতে, নিরাপদ আশ্রয় ও খাদ্যের সংকট, নির্বিচারে পাখি শিকার, অপরিকল্পিত মাছের ঘের তৈরি, জলাভূমি ভরাট এবং জীববৈচিত্র্য ধ্বংসের কারণে অতিথি পাখির আগমন কমে গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় অতিথি পাখির অন্যতম অভয়ারণ্য ছিল বিল ডাকাতিয়ার একাংশ, গুটুদিয়া, রঘুনাথপুর, ভান্ডারপাড়া ও রংপুর ইউনিয়নের বিভিন্ন বিল-জলাশয়। এসব এলাকায় বালিহাঁস, ল্যাঞ্জা হাঁস, চখাচখি, পানকৌড়ি, ডাহুক, সরালি ও কাইমসহ অন্তত অর্ধশতাধিক প্রজাতির পাখির দেখা মিলত। শীতপ্রধান দেশ, বিশেষ করে সুদূর সাইবেরিয়াসহ বিভিন্ন অঞ্চল থেকে খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে এসব পাখি উড়ে আসত।

তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে বিল-জলাশয়ের চিত্র। সরেজমিনে জানা যায়, এক শ্রেণির অসাধু পাখি শিকারি ও ব্যবসায়ী ফাঁদ পেতে এবং বিষটোপ ব্যবহার করে অতিথি পাখি শিকার করত। গোপনে বিভিন্ন স্থানে বসত পাখি বিক্রির আসরও। আইনগত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জনসচেতনতা ও নজরদারির ঘাটতির কারণে অবৈধ শিকার ও বিক্রি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। ফলে পাখির নিরাপদ বিচরণক্ষেত্র ক্রমেই সংকুচিত হয়েছে।

বিল ডাকাতিয়া পাড়ের কৃষক মজিবুর রহমান বলেন, “আগে শীত মৌসুমে অতিথি পাখিদের বিচরণে বিলগুলো মুখর থাকত। দিন-রাত এসব পাখির কিচিরমিচির শোনা যেত। কিন্তু গত কয়েক বছর ধরে আর আগের মতো পাখি আসে না। বিলের অধিকাংশ প্রাকৃতিক জলাশয় ভরাট হয়ে গেছে অথবা বাণিজ্যিক মাছের ঘেরে পরিণত হয়েছে। মানুষের বিচরণ ও কোলাহলও বেড়েছে। এসব কারণে পাখিদের নিরাপদ আবাসস্থল এখন অনিরাপদ হয়ে পড়েছে।”

মাগুরখালী এলাকার বাসিন্দা মোহন মণ্ডল বলেন, “আমাদের এলাকার বিল ও নদীতীরবর্তী জলাশয়ে একসময় প্রচুর অতিথি পাখি আসত। দিনে বিলে অবস্থান করত, আর সন্ধ্যা হলে গ্রামের বিভিন্ন বাগান ও গাছগাছালিতে আশ্রয় নিত। বর্তমানে সেই দৃশ্য আর চোখে পড়ে না। শুধু অতিথি পাখিই নয়, বক ও ঘুঘুসহ দেশীয় প্রজাতির পাখির সংখ্যাও কমে যাচ্ছে। অসাধু শিকারিরা এসব পাখিও শিকার করছে, যা অত্যন্ত দুঃখজনক।”

উপজেলা সদরের বাসিন্দা পাখিপ্রেমী ও সংস্কৃতিকর্মী শফিকুল ইসলাম বলেন, “একসময় ডুমুরিয়ার প্রায় সব বিলেই অতিথি পাখির আগমন ঘটত। বিলগুলো ছিল পাখিদের অভয়ারণ্য। কিন্তু সেই পরিবেশ এখন আর নেই। জলাভূমির ধরন বদলে যাওয়া এবং গাছপালা কমে যাওয়ায় পাখিদের দেখা মেলে না।”

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার জানান, একসময় এ উপজেলার বিলগুলোতে প্রচুর অতিথি পাখি আসত বলে তিনি শুনেছেন। পরিবেশগত নানা কারণে বর্তমানে পাখির আগমন কমে গেছে। তবে কেউ অবৈধভাবে পাখি শিকার বা বন্য পাখির ক্ষতিসাধন করলে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিথি পাখিসহ দেশীয় যেকোনো পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে। তবে পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

প্রকৃতির ভারসাম্য রক্ষায় অতিথি পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বিচারে পাখি শিকার বন্ধ, জলাভূমি সংরক্ষণ, প্রাকৃতিক আবাসস্থল ফিরিয়ে আনা এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ডুমুরিয়ার বিলগুলোতে আবারও অতিথি পাখির কলকাকলি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় পাখিপ্রেমীরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!