হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

রাজারহাটে সলিডারিটির উদ্যোগে উপকারভোগীদের মাঝে ছাগল, কৃষি উপকরণ ও জলবায়ু সহনশীল বীজ বিতরণ

প্রকাশ: 27 June 2026, 04:16 PM পড়া হয়েছে: ২২ বার

রফিকুল হায়দার, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদার এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার লক্ষ্যে উপকারভোগীদের মাঝে ছাগল, কৃষি উপকরণ ও জলবায়ু সহনশীল বীজ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন ২০২৬) সকাল ১১টায় সলিডারিটির ‘চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের উদ্যোগে এবং জার্মানির ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড (বার্লিন)-এর আর্থিক সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যানন্দ ও ছিনাই ইউনিয়নের ৪৬ জন উপকারভোগীর মাঝে ৪৬টি ছাগল বিতরণ করা হয়। এছাড়া ৩৪ জন উপকারভোগীকে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ হিসেবে জনপ্রতি ৪ কেজি ব্রিধান-৫২ ধানের বীজ, ২ কেজি সরিষার বীজ, ৫ কেজি মাষকলাইয়ের বীজ, ২ কেজি ভুট্টার বীজ, ৩ কেজি বাদামের বীজ এবং ২৫ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়।

এছাড়া ৫৮ জন উপকারভোগীর মাঝে ১৫ ধরনের জলবায়ু সহনশীল শাকসবজির বীজ, একটি ঝরনা, একটি পাশুন, একটি ঘন জাল এবং চারটি করে জিও ব্যাগ বিনামূল্যে বিতরণ করা হয়।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এসব উপকরণের মাধ্যমে উপকারভোগীরা ছাগল পালন, জলবায়ু সহনশীল ফসল ও শাকসবজি চাষের মাধ্যমে আয় বৃদ্ধি করতে পারবেন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষমতা অর্জন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ। তিনি বলেন, প্রকল্পের আওতায় পাওয়া ছাগল ও অন্যান্য উপকরণ যথাযথভাবে ব্যবহার করে উপকারভোগীরা যেন পরিবারের আর্থিক উন্নয়ন ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সার্বিক তদারকি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন সলিডারিটি, নতুন শহর, কুড়িগ্রামের প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ বদরুন্নেছা (বীথি)।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!