হোম / অপরাধ
অপরাধ

রাজারহাটে চাঞ্চল্য: এসিল্যান্ডের হস্তক্ষেপে পচা মহিষের মাংস জব্দ, কসাই কালাম পলাতক

প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৮ বার
Oplus_16908288

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ জাহিদ হাসান

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী সিঙ্গরডাবরী হাটে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ পচা মহিষের মাংস জব্দ করা হয়েছে। বুধবার (২১ মে ২০২৬) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সময়োচিত হস্তক্ষেপে এ অভিযান পরিচালিত হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ এলাকার পেশাদার কসাই মোঃ কালাম গোপনে পচা ও দুর্গন্ধযুক্ত মহিষের মাংস সিঙ্গারডাবরী হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। মাংসের অস্বাভাবিক রঙ ও তীব্র দুর্গন্ধে সাধারণ ক্রেতাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে রাজারহাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কসাই মোঃ কালাম মাংস ফেলে রেখে কৌশলে পালিয়ে যান। পরে প্রশাসনের নির্দেশে উপস্থিত জনসাধারণের সামনে পচা মহিষের মাংস জব্দ করা হয় এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তা বিনষ্ট করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। যারা ভেজাল, পচা বা অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রির মাধ্যমে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, পলাতক কসাই মোঃ কালামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক ও প্রশংসনীয় পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সিঙ্গারডাবরী হাটের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও সাধারণ ক্রেতারা। সচেতন মহল ভেজাল ও পচা মাংস বিক্রি বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!