ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা, ১২ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২ লাখ টাকা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের অভিযানের সময় ২ নম্বর আসামি গোলাম রব্বানী (৩৭) পালিয়ে যান। এ সময় তাঁর ফেলে যাওয়া ৫ কেজি গাঁজাও উদ্ধার করা হয়, যা মোট জব্দ করা ২০ কেজি গাঁজার অন্তর্ভুক্ত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রুমা খাতুন (৩৬), পিতা সামাদ মণ্ডল; রোকনুজ্জামান (২৬), পিতা আব্দুর রশিদ; কফিলুর রহমান (৩৪), পিতা হাফেজুর রহমান; সুজন মিয়া (২৬), পিতা জহুরুল ইসলাম; লোহানী শাহ নেওয়াজ (৪২), পিতা লোহানী ওয়াহিদুল হক; বেলাল হোসেন (৩৭), পিতা জাকারিয়া; জাহাঙ্গীর আলম (৩২), পিতা আব্দুল মজিদ মিয়া; আরিফুল ইসলাম (৩৮), পিতা মৃত মহিবুল ইসলাম; সাইফুর রহমান (৩৫), পিতা ইনজিল হক এবং গোলাম রব্বানী (২৯), পিতা আবু ব্যাপারী।
পলাতক আসামি গোলাম রব্বানী (৩৭), পিতা হবিবর রহমান, মাতা আলেয়া বেগম। তাঁর বাড়ি ভূরুঙ্গামারী উপজেলার বড় খাটামারী (বাউশমারী) এলাকার ৮ নম্বর ওয়ার্ডে।
থানা সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের রাত্রীকালীন মোবাইল ডিউটি চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার দেওয়ানের খামার মৌজায় একরামুল হকের বাড়ির পশ্চিম দুয়ারী ঘরের ভাড়াটিয়া রুমা খাতুন (৩৬) মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ভূরুঙ্গামারী সার্কেল ও থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়।
পরে তাঁদের নির্দেশনায় সঙ্গীয় ফোর্স, বিশেষ অভিযান ডিউটির কর্মকর্তা ও ওয়ারেন্ট অভিযান টিম নিয়ে রাত ১০টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ নম্বর আসামি গোলাম রব্বানী তাঁর হাতে থাকা পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো ৫ কেজি গাঁজার একটি পোটলা ফেলে দৌড়ে পালিয়ে যান। এ সময় অন্য আসামিরাও পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ১০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ঘরে তল্লাশি চালিয়ে পলাতক আসামির ফেলে যাওয়া ৫ কেজিসহ মোট ২০ কেজি গাঁজা, ১২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক কেনাবেচার নগদ ২ লাখ টাকা এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা এবং ইয়াবার মূল্য ৩ হাজার ৬০০ টাকা। জব্দ করা নগদ টাকা ছিল এক হাজার টাকার ২০০টি নোট।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পলাতক আসামির ফেলে যাওয়া গাঁজাও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ১০ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, উপজেলা জুড়েই মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। মাদক, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এসব অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় ১০ জন গ্রেপ্তার ও একজন পলাতকসহ মোট ১১ জনের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ), ১০(ক) ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির নম্বর ১৮, তারিখ ২৯ নভেম্বর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply