ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সরকারি জমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিনের পাইপ ভেঙে দিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়েছে।
জানা গেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের সিট পাইকেরছড়া গ্রামের বাসিন্দা মোঃ সাইফুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন,সোনাহার ইউনিয়নের মধ্যভরতেরছড়া গ্রামের মৃত বরকত আলীর পুত্র আব্দুর রশিদ মাষ্টার, পাইকডাঙ্গা গ্রামের ড্রেজার মালিক সাইফুর রহমান,হাছেন আলীর পুত্র ড্রেজার ম্যানেজার আশরাফ আলী,মধ্যভরতেরছড়া গ্রামের মৃত আজগর আলীর পুত্র আব্দুর রহমান ও মৃত ফরিদ ব্যাপারীর পুত্র ময়েজ উদ্দিন সহ সংঘবদ্ধ বালু উত্তোলনকারীরা পরস্পরের যোগসাজশে পাইকেরছড়া বিলের সরকারি জমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে তা বাণিজ্যিকভাবে বিক্রি করছেন, যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর পরিপন্থী।
অভিযোগে আরও বলা হয়, স্থানীয় লোকজন এ বিষয়ে প্রতিবাদ জানালে অভিযুক্তরা বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর আগে প্রশাসনের পক্ষ থেকে এ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলেও পরে আবারও ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করা হয় বলে অভিযোগ রয়েছে।
এদিকে অভিযোগের ভিত্তিতে গত ১৬ মার্চ ২০২৬ ইং তারিখে দুপুর ১২টার দিকে ভূরুঙ্গামারী–কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসীর মামুন মুন ঘটনাস্থলে যান। এ সময় ড্রেজার মেশিনের মালিককে সেখানে না পাওয়ায় তিনি মেশিনের পাইপ ভেঙে দেন এবং উপস্থিত সহযোগীদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম না চালানোর জন্য কঠোরভাবে সতর্ক করেন।
স্থানীয়রা জানান, প্রশাসনের এমন পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসীর মামুন মুন জানান,বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হবে।
অপরাধ
ভূরুঙ্গামারীতে সরকারি জমিতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঘটনাস্থলে গিয়ে ড্রেজারের পাইপ ভেঙে দিল পুলিশ
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১২০ বার
বিজ্ঞাপন

Leave a Reply