হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: 28 October 2026, 07:14 PM পড়া হয়েছে: ২৮ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, পথসভা ও খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা যুবদলের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মো. আলাউদ্দিন মন্ডল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মো. শহিদুল ইসলাম আকন্দ।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমুল হক সরকার এবং যুগ্ম আহ্বায়ক মো. সাহাদত হোসেন সোহাগ মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আপেল শিকদার।

পথসভায় বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সফল করার লক্ষ্যে বক্তারা কর্মীদের নিজ নিজ এলাকায় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দলের নীতি ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে তুলে ধরা এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার নির্দেশনা দেন। তাঁরা নির্বাচনী আচরণবিধি মেনে চলা, প্রতিপক্ষের প্রতি সহনশীল থাকা, কোনো ধরনের উসকানি বা সংঘাতে না জড়ানো এবং গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি কেন্দ্রভিত্তিক সাংগঠনিক প্রস্তুতি জোরদার, ভোটারদের সমস্যা ও প্রত্যাশা চিহ্নিত করে তা যথাযথভাবে তুলে ধরা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য কর্মীদের প্রতি দিকনির্দেশনা দেওয়া হয়।

পথসভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!