ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের নিয়মিত টহল ও তল্লাশি অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। চোরাকারবারিরা সীমান্তপথে ভারত থেকে এসব তেল পাচার করে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাতে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ। এ সময় এসআই জাহিদসহ পুলিশের অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযান চলাকালে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নছিমনকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়ি না থামিয়ে দুটি সাদা বস্তা মহাসড়কের পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ বস্তা দুটি উদ্ধার করে তল্লাশি চালালে এর ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল পাওয়া যায়। জব্দ করা এসব অলিভ অয়েলের আনুমানিক সিজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সীমান্তসংলগ্ন এলাকা ও জনবহুল স্থানে নিয়মিত চেকপোস্ট ও ফুটপেট্রোল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও সীমান্ত চোরাচালান রোধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা ভারতীয় অলিভ অয়েল জিডিমূলে থানায় জমা রাখা হয়েছে। এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং জব্দকৃত মালামালের প্রকৃত মালিকানা নির্ধারণ সাপেক্ষে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে পুলিশের নিয়মিত ও তাৎপর্যপূর্ণ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী। সীমান্তবর্তী এ উপজেলায় চোরাচালান ও অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।

Leave a Reply