ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
সারা দেশে নদ-নদীর তীর ও সরকারি জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদে সরকার যখন অভিযান পরিচালনা করছে, ঠিক তখনই কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কালিরহাট বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে আধা পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে এলাকাবাসী প্রতিকার চেয়ে গত ২১ মে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কালিরহাট বাজারের পাশ দিয়ে প্রবাহিত দুধকুমার নদে ভাঙন রোধে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে “কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন” প্রকল্পের আওতায় ৫ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৫৪১ টাকা ব্যয়ে একটি প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ রয়েছে, ওই বাঁধের ওপর প্রায় দুই শতাংশ জায়গা দখল করে আধা পাকা ঘর নির্মাণ করেছেন পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের মৃত জশমত আলীর ছেলে খলিলুর রহমান।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, মিনহাজ উদ্দিন, আমিনুল প্রামাণিক, নজরুল ইসলাম ও রাজু অভিযোগ করে বলেন, “কালিরহাট বাজার, ফসলি জমি ও বসতভিটা রক্ষায় সরকার কোটি টাকা ব্যয়ে এই বাঁধ নির্মাণ করেছে। অথচ এখন বাঁধের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে আগামী বর্ষায় বাঁধ ক্ষতিগ্রস্ত হলে বাজারসহ আশপাশের এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।”
তারা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে খলিলুর রহমান বলেন, “জায়গাটি আমাদের পৈত্রিক সম্পত্তি ছিল। আগে আমার ছোট ভাই সাত্তার আলীর একটি ঘর ছিল সেখানে। পরে পাউবো বাঁধ নির্মাণের সময় জমিটি অধিগ্রহণ করা হয়। জায়গাটি ফাঁকা থাকায় আমি ঘর তুলেছি। সরকার যদি ঘর সরিয়ে নিতে বলে, তাহলে আমরা ঘর সরিয়ে ফেলবো।”
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু বলেন, “জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। সরকারি জমি কেউ অবৈধভাবে দখল করুক, তা আমরা চাই না। প্রয়োজনে অনুমতি বা ইজারা নিয়ে স্থাপনা নির্মাণ করা যেতে পারে।”
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুন্না হক বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে পাউবোর জায়গায় ঘর নির্মাণ না করতে বলা হয়েছে। বিষয়টি ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে জানানো হয়েছে। এরপরও স্থাপনা না সরালে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অপরাধ
ভূরুঙ্গামারীতে পাউবোর জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩১ বার
বিজ্ঞাপন

Leave a Reply