ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব ও উপজেলা কৃষক দলের সদস্য সচিবসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায় সাহা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইদুল হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জাহিদ, ইলেক্ট্রিশিয়ান মইনুল ইসলাম, বাসটার্মিনাল হাজী মার্কেটের মুদি দোকানি আল আমিন এবং তাঁর সহযোগী মাইদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইদুল হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ ও ইলেক্ট্রিশিয়ান মইনুল ইসলাম একটি মোটরসাইকেলে করে জয়মনিরহাট ইউনিয়নের সড়ক কাটা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে দেওয়ানের খামার সাহা ফিলিং স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই মোটরসাইকেলে ছিলেন হাজী মার্কেটের মুদি দোকানি আল আমিন ও তাঁর সহযোগী মাইদুল ইসলাম।
সংঘর্ষে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতদের
মধ্যে উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ ও মাইদুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিশিষ্ট সমাজসেবক ও মাসান টিভির চেয়ারম্যান-প্রকাশক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।

Leave a Reply