হোম / অপরাধ
অপরাধ

ভুরুঙ্গামারীতে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে শিক্ষকের বিরুদ্ধে কাগজে উত্তর লিখে পরীক্ষার্থীদের সরবরাহের অভিযোগ

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১৪৬ বার

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।পরীক্ষা কক্ষে বিশেষ শিক্ষার্থীদের প্রশ্নপত্রের উত্তর বলে দেয়া,লিখে দেয়া,কাগজে লিখে সরবরাহ করার গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে বেশ কিছু পরীক্ষার্থী ও অভিভাবক কেন্দ্র সচিবকে মৌখিক অভিযোগ করেন।অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব খলিলুর রহমান পলাশ। ঘটনাটি ঘটেছে ১৬ এপ্রিল বৃহস্পতিবার ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে।

জানা যায় ঐদিন ইংরেজি পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ৩১৩ নং কক্ষে পরিদর্শক হিসাবে নিয়োজিত ছিলেন শিক্ষক আরিফুর রহমান শাহীন। এ সময় অন্য কক্ষে দায়িত্বে নিয়োজিত থাকা উপজেলার শাহীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ সাবানা খাতুন ৩১৩ নং কক্ষে প্রবেশ করে শাহীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩/৪ পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেন এবং বেশ কিছু প্রশ্নের উত্তর আলাদা কাগজে লিখে সরবরাহ করেন।বিষয়টি ঐ কক্ষে অংশগ্রহণ করা অন্যান্য পরীক্ষার্থীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এছাড়া অন্যান্য কক্ষেও বিশেষ পরীক্ষার্থীদের উত্তর বলে দেয়া ও সহায়তা করার অভিযোগ রয়েছে।

পরিক্ষা শেষে ৩১৩ নং কক্ষের বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা অভিভাবকসহ কেন্দ্র সচিবকে অভিযোগ করেন। অভিভাবক শাহা আলম জানান বিষয়টি নিয়ে কেন্দ্র সচিবকে জানানো হলে এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন অভিযোগকারী পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা শোনেন,পরে কি ব্যবস্থা নিয়েছে আমার জানা নেই। কেন্দ্র সচিব খলিলুর রহমান জানান,অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামানকে কয়েকদফা ফোন দিলেও রিসিভ হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন জানান,এ ঘটনার বিষয়ে কেন্দ্র সচিবকে লিখিত জবাব চাওয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান,পরবর্তী পরীক্ষাগুলোতে জেলা থেকে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ব্যবস্হা নেয়া হবে।

শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষায় অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন পরীক্ষার্থী, অভিভাবক ও সুধীমহল ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!