হোম / অপরাধ
অপরাধ

ভুরুঙ্গামারীতে খাসির মাংসের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাড়িতে হামলা, মা-মেয়ে আহত

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৩৯৮১ বার
ভুরুঙ্গামারীতে খাসির মাংসের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাড়িতে হামলা, মা-মেয়ে আহত
ভুরুঙ্গামারীতে খাসির মাংসের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাড়িতে হামলা, মা-মেয়ে আহত

ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় খাসির মাংসের দাম চাওয়াকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, মারধর, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা ও মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেওয়ানেরখামার গ্রামের কেজি স্কুল মোড় এলাকার সাফায়াত ক্লিনিক সংলগ্ন স্থানে ।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আফছার আলীর ছেলে মোঃ অলিউর রহমানের পালিত একটি খাসি ঈদের কয়েকদিন আগে দুর্ঘটনায় আহত হলে সেটি জবাই করা হয়। পরে ওই খাসির মাংস প্রতি কেজি ৮০০ টাকা দরে বিক্রি করা হয়। প্রতিবেশী মিজানুর রহমান ও তার স্ত্রী মোছাঃ আমেনা বেগম প্রায় সাড়ে ৩ কেজি মাংস ক্রয় করেন।
গত ২১ মার্চ (শনিবার) ঈদের দিন বিকেলে খাসির মালিকের স্ত্রী মোছাঃ হাসিনা বেগম (৪২) মাংসের বকেয়া টাকা চাইতে গেলে ক্রেতা পক্ষ ৫০০ টাকার বেশি দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে হাসিনা বেগম ও আমেনা বেগমের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে আমেনা বেগম হাসিনা বেগমকে মারধর করলে তিনি আহত হয়ে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
এরপর ঘটনার জেরে পরদিন ২২ মার্চ (রবিবার) বিকেল আনুমানিক ৪টার দিকে মিজানুর রহমানের স্ত্রী আমেনা বেগম (৩৮), শামীম হোসেন (৩২), তার স্ত্রী মিনু বেগম (২৬), মুকুল হোসেনের স্ত্রী জয়নব বেগম জোস্নাসহ অজ্ঞাত আরও ৫-৬ জন সংঘবদ্ধ হয়ে অলিউর রহমানের বাড়িতে অনধিকার প্রবেশ করে।তারা বাড়িতে গিয়ে হাসিনা বেগম কোথায় জানতে চাইলে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে আকলিমা বেগম তা বলতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা আকলিমাকে মারধর করে এবং তার গলা থেকে স্বর্ণের মালা ছিনিয়ে নেয়। পাশাপাশি ঘরে রাখা গরু বিক্রির প্রায় ৫০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় আকলিমার চিৎকার শুনে তার স্বামী সিয়াম হোসেনসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আহত আকলিমা বেগমকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে মা হাসিনা বেগম ও মেয়ে আকলিমা বেগম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয় নাই।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!