হোম / অপরাধ
অপরাধ

নির্বাচনী প্রতিহিংসা? ভূরুঙ্গামারীতে চীন প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ, ৪২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ: 28 April 2026, 04:58 PM পড়া হয়েছে: ১২১৫ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক সম্ভাব্য প্রার্থীর বাড়িতে দুর্ধর্ষ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী চীন প্রবাসী ডাঃ মোঃ রোকনুজ্জামান কিরন অভিযোগ করেছেন যে, গত ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত তিনি সপরিবারে রংপুরে অবস্থান করার সুযোগে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তার দক্ষিণ শিংঝাড়ের ডুপ্লেক্স বাড়িতে সুপরিকল্পিতভাবে এই নাশকতামূলক অগ্নিকাণ্ড ঘটায়। গত ২৭ এপ্রিল সকালে বাড়ির দেখাশোনাকারী মোঃ আলেফ উদ্দিন ধান মাড়াইয়ের কাজে বাড়িতে গিয়ে শয়নকক্ষের জানালা দিয়ে ধোঁয়া নির্গত হতে দেখেন এবং তাৎক্ষণিক বিষয়টি গৃহকর্তাকে জানান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বাড়ির নিচতলার আসবাবপত্র, আলমারি ও সোফাসেটসহ সবকিছু ভস্মীভূত হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে জমি ক্রয়ের জন্য রাখা নগদ ১৩ লক্ষ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার (১২ লক্ষ টাকা), ১ সেট হীরার গহনা (৩.৫ লক্ষ টাকা), তোশিবা ল্যাপটপ, ডিজেআই ড্রোন, ইন্সটা ৩৬০ ক্যামেরা ও স্যামসাং S24 মোবাইলসহ মোট ৪২ লক্ষ ৪৮ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও আগুনে পুড়ে গেছে চীন প্রবাস জীবনের সকল গুরুত্বপূর্ণ নথিপত্র, পাসপোর্ট, ব্যাংক কার্ড, দামী ঘড়ি এবং পরিবারের সকল জমির মূল দলিল ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। এলাকায় সমাজসেবামূলক ও মাদকবিরোধী কর্মকাণ্ডে যুক্ত এবং আসন্ন ইউপি নির্বাচনের প্রার্থী ডাঃ রোকনুজ্জামান মনে করেন, তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সামাজিক সাফল্যে ঈর্ষান্বিত হয়েই তাকে পঙ্গু করার উদ্দেশ্যে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, আগুন লাগার কারণ উদঘাটনের চেষ্টা চলছে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে দ্রুত আইনগত পদক্ষেপ নেয়া হবে। ইতিপূর্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!