ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা সবাই কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের বাসিন্দা। তারা হলেন— আসাদমোড় এলাকার শামীম হোসেন (৩২) ও তার মেয়ে মোছা. ছাদিয়া (৮), একই পরিবারের বাবু মিয়ার স্ত্রী তামান্না (২৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) এবং সাইফুর রহমানের ছেলে মো. লিমন (৩০)। নিহত লিমন পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।
বুধবার সকালে নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিটি পরিবারে চলছে শোকের মাতম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গসোনার হাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। অপরদিকে রংপুর থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাস নাগেশ্বরীর বাঁশেরতল এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি নাগেশ্বরী থানার অধীন হওয়ায় আইনগত বিষয়টি সংশ্লিষ্ট থানা দেখছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতদের পরিবারগুলোর আহাজারিতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে পড়েছে।
অপরাধ
নাগেশ্বরীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: শিশুসহ ৫ জন নিহত, ভূরুঙ্গামারীতে শোকের মাতম
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৩৭ বার
বিজ্ঞাপন

Leave a Reply