হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

প্রকাশ: ২ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ১০২ বার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লিটন মিয়া (২৫) নামের এক যুবক। শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ইশ্বর বড়ুয়া গ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি চৌকিদার মোড় থেকে মোটরসাইকেলে করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভূরুঙ্গামারী বাস টার্মিনালের দিকে রওনা দেন লিটন। পথিমধ্যে ইশ্বর বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিমা তাসনীম জানান, দুর্ঘটনায় লিটনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রেফার করা হয়েছিল।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আহসান হাবিব জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!