হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ডুমুরিয়ায় সারের পর্যাপ্ত মজুদ, ফসল উৎপাদনে শঙ্কামুক্ত কৃষক

প্রকাশ: 16 November 2026, 05:40 PM পড়া হয়েছে: ৮৯৭ বার

রবি মৌসুমে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপির সন্তোষজনক মজুদ; নতুন করে ৬০০ মেট্রিক টন সার বরাদ্দ

খুলনা প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়া উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষি উৎপাদনের জন্য রাসায়নিক সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে ডিলার পয়েন্ট ও গুদামগুলোতে বিভিন্ন ধরনের সার সন্তোষজনক পরিমাণে মজুদ রয়েছে। পাশাপাশি চলতি নভেম্বর মাসে নতুন করে ৬০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে বোরো ধান, সরিষা, আলু ও শীতকালীন শাকসবজিসহ বিভিন্ন ফসলের আবাদে সারের সংকটের আশঙ্কা নেই। পর্যাপ্ত সরবরাহ ও প্রশাসনের নিয়মিত তদারকিতে স্বস্তিতে রয়েছেন কৃষকরা।

উপজেলা কৃষি কার্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ডুমুরিয়ায় ১৪৮ মেট্রিক টন ইউরিয়া, ৯৮ মেট্রিক টন টিএসপি, ১৫৯ মেট্রিক টন ডিএপি এবং ১১১ মেট্রিক টন এমওপি সার মজুদ রয়েছে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা বিবেচনায় চলতি নভেম্বর মাসে অতিরিক্ত ২০০ মেট্রিক টন ইউরিয়া, ২০০ মেট্রিক টন টিএসপি এবং ২০০ মেট্রিক টন এমওপি সার বরাদ্দ দেওয়া হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার ডিলার পয়েন্ট ও বাজার ঘুরে দেখা গেছে, কৃষকরা সরকার নির্ধারিত দামে সার সংগ্রহ করতে পারছেন। খর্ণিয়া ও চুকনগর এলাকার কয়েকজন প্রান্তিক কৃষক জানান, গত কয়েক মৌসুমের তুলনায় এবার সারের সরবরাহ ভালো। বোরো ধান, সরিষা ও শীতকালীন সবজি চাষের শুরুতেই প্রয়োজনীয় সার হাতের নাগালে পাওয়ায় তারা স্বস্তিতে রয়েছেন। সময়মতো সার প্রয়োগ করতে পারলে ভালো ফলনের প্রত্যাশা করছেন তারা।

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা বলেন, চলতি রবি মৌসুমে উপজেলার প্রধান ফসল বোরো ধানসহ সরিষা, আলু ও শীতকালীন শাকসবজির আবাদ নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত সারের প্রয়োজন রয়েছে। বর্তমানে যে পরিমাণ সার মজুদ রয়েছে এবং নভেম্বর মাসে ইউরিয়া, টিএসপি ও এমওপির অতিরিক্ত বরাদ্দ পাওয়া গেছে, তাতে উপজেলায় সারের ঘাটতির আশঙ্কা নেই। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং সারের সুষম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছেন।

সারের বাজার নিয়ন্ত্রণ ও তদারকি প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকরা যাতে সহজেই সার সংগ্রহ করতে পারেন, সে জন্য বিসিআইসি ও বিএডিসির সব ডিলারকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দাম আদায় করতে না পারে, সে জন্য বাজারগুলোতে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পর্যায়ের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, খুলনা জেলার অন্যতম কৃষিপ্রধান উপজেলা ডুমুরিয়া। এ উপজেলায় জেলা পর্যায়ে ৬০০ মেট্রিক টন ইউরিয়া, ১ হাজার মেট্রিক টন টিএসপি এবং ১ হাজার মেট্রিক টন পটাশ সার মজুদ রয়েছে বলে তিনি জানান। এ অঞ্চলের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে মৌসুমের শুরু থেকেই সারের চাহিদা নিরূপণ করে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। ডিলারদের গুদামে সার মজুদ রাখা থেকে শুরু করে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়া জেলা ও উপজেলা পর্যায় থেকে নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত সার সরবরাহ অব্যাহত থাকলে এ বছর ডুমুরিয়ায় ফসলের ভালো উৎপাদন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টদের মতে, সময়মতো সার সরবরাহ, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও কৃষি বিভাগের পরামর্শ নিশ্চিত করা গেলে চলতি রবি মৌসুমে ডুমুরিয়ার কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। এতে কৃষকের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধিতেও সহায়ক হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!