হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

জমির মালিকানা বিরোধে ৭ বছরেও শেষ হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী-স্থানীয়রা

প্রকাশ: 20 November 2026, 03:37 PM পড়া হয়েছে: ৩২৫ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে দুধকুমার নদের ওপর নির্মাণাধীন সেতুর কাজ সাত বছরেও শেষ হয়নি। জমির মালিকানা নিয়ে বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয় ব্যক্তিমালিকানাধীন দাবিদারদের মধ্যে বিরোধের কারণে আটকে আছে সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক নির্মাণকাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থলবন্দরের ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে ১৯৮৭ সালে নির্মিত সোনাহাট রেলসেতুটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে পুরোনো সেতুর দক্ষিণ পাশে দুধকুমার নদের ওপর ২০১৯ সালে ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ নতুন আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু করে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ।

১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যের সেতু ও সংযোগ সড়কের নির্মাণকাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণে জটিলতা, নকশা পরিবর্তন, করোনাকালীন স্থবিরতা ও নির্মাণকাজের ধীরগতির কারণে চার দফা মেয়াদ বাড়ানো হয়। পাশাপাশি প্রকল্প ব্যয়ও বেড়েছে ৭ কোটি টাকা। এত কিছুর পরও সেতু ও সংযোগ সড়কের কাজ সম্পন্ন হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ পুরোনো সেতু দিয়েই চলাচল করতে হচ্ছে মানুষ ও যানবাহনকে।

এরই মধ্যে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে পাথরবোঝাই ট্রাকের ভারে পুরোনো সেতুর পূর্ব প্রান্তের স্টিলের একটি পাটাতন ভেঙে যায়। এতে সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। নতুন সেতুর সংযোগ সড়ক চালু না হওয়ায় স্থলবন্দরের পণ্য পরিবহনসহ স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রায় ৬ একর জমি অধিগ্রহণ প্রয়োজন। স্থানীয় কয়েকটি পরিবার জমিগুলো নিজেদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করছে। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ও একই জমির মালিকানা দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে। একই জমির মালিকানা ব্যক্তি ও রেলওয়ে উভয় পক্ষ দাবি করায় আটকে গেছে অধিগ্রহণ প্রক্রিয়া। বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে একাধিক বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে সাত বছরেও পূর্ব প্রান্তের সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিনে জমির কাগজপত্র ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় জানা যায়, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের গণাইরকুটি মৌজার ৫১২ ও ৫১৩ নম্বর দাগে ১৪১ দশমিক ২৬ শতক এবং ১০০১, ১০০২, ১০০৩ ও ১০০৪ নম্বর দাগে ৪২৯ দশমিক ৯৭ শতকসহ মোট ৫৭১ দশমিক ২৩ শতক জমি রয়েছে। পাঁচটি পক্ষের ৩৮ জন অংশীদার এসব জমির মালিকানা দাবি করছেন। অন্যদিকে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষও জমিগুলো নিজেদের মালিকানাধীন বলে দাবি করছে।

জমির মালিকানা দাবি করা আব্দুল জলিল, আবেদ আলী, শফিকুল ইসলাম ও জাবেদ আলীসহ কয়েকজন বলেন, ‘এই জমি আমাদের পৈতৃক সম্পত্তি। জমির তিনটি রেকর্ড আমাদের নামে রয়েছে। অথচ রেলওয়ে জমিগুলো নিজেদের বলে দাবি করছে। আমাদের জমির প্রকৃত মূল্য পরিশোধ না করে যদি বাড়িঘর ভেঙে দেওয়া হয়, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব? আমাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও থাকবে না।’

সেতুর নির্মাণকাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, ‘সেতুর ওপরের অংশ ও পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু পূর্ব প্রান্তের জমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কের কাজ আটকে আছে। জমি বুঝিয়ে দেওয়া হলে ছয় মাসের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব।’

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার বলেন, ‘ইতিমধ্যে সোনাহাট সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সড়কের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অধিগ্রহণ শেষ হলেই দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করা হবে।’

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘জমির মালিকানা নিয়ে রেলওয়ের সঙ্গে জটিলতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে জমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে আমরা কাজ করছি।’

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!