মোঃ আনোয়ারুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ ভট্টপাড়ায় মাদকাসক্তি ও মাদক ব্যবসা প্রতিরোধে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভট্টপাড়ার সচেতন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে মাদকের কুফল, যুবসমাজের নৈতিক অবক্ষয় এবং সামাজিক অস্থিরতা রোধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জোবাইদুল ইসলাম সুইট, কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম বাবু, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা শেষে ওসি নয়ন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল এবং স্থানীয় বাসিন্দারা জোড়গাছ পুরাতন বাজার ও ভট্টপাড়া এলাকার কয়েকটি স্থানে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে—এমন কয়েকজনের বাড়িতে গিয়ে তাদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে মাদক গ্রহণ, পরিবহন বা বিক্রির সঙ্গে জড়িত না থাকার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার বলেন, “জোড়গাছসহ পুরো চিলমারী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
উল্লেখ্য, এর আগে উপজেলার রমনা এমপির মোড়, শরীফের হাট, বালাবাড়ি গাবেরতলসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধে জনমত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply