হোম / অপরাধ
অপরাধ

চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধে স্থবির নগরী, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ

প্রকাশ: ২ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫৮ বার


চট্টগ্রাম প্রতিনিধিঃ
বকেয়া বেতন, ওভারটাইমের পাওনা পরিশোধ এবং বিভিন্ন শ্রমিক-স্বার্থ সংশ্লিষ্ট দাবিতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আজিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের কয়েক হাজার শ্রমিক। এতে গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
শনিবার (২ মে) সকাল ১১টার দিকে নগরের সিএন্ডবি চত্বরে অবস্থান নিয়ে শ্রমিকরা অবরোধ শুরু করেন। ফলে সড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজনে বের হওয়া অনেক যাত্রী দীর্ঘ সময় আটকে পড়েন, কেউ কেউ বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে রওনা দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। ২০২০ সাল থেকে টিফিন বিল বকেয়া রয়েছে। এছাড়া ২০২২ ও ২০২৫ সালের ওভারটাইমের অর্থ এখনো দেওয়া হয়নি। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধাও নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ তাদের।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—ওভারডিউটি কমানো, প্রতি মাসের শুরুতেই বেতন পরিশোধ, শ্রমিকবান্ধব ইউনিয়ন গঠন, আন্দোলনে অংশগ্রহণকারীদের হয়রানি বন্ধ, টিফিন বিল বৃদ্ধি এবং হাজিরা বোনাস চালু।
রেশমি নামের এক শ্রমিক জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন এখনো পাননি। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন সম্পূর্ণ দেওয়ার কথা থাকলেও আংশিক পরিশোধ করা হয়েছে।
আকলিমা খাতুন অভিযোগ করে বলেন, বছরের পর বছর মাতৃত্বকালীন সুবিধা বকেয়া রাখা হচ্ছে। ফলে অনেকেই ঘরভাড়া পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন।
হাসান শরিফের দাবি, ২০২২ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসের প্রায় ৪৫ হাজার টাকার ওভারটাইম ভাতা জাল স্বাক্ষরের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি গত পাঁচ বছর ধরে নাস্তার বিলও পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এদিকে সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। একাধিক যাত্রী জানান, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। অ্যাম্বুলেন্স চালক আরিফুল ইসলাম বলেন, রোগী নিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করছে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
চট্টগ্রাম শিল্প পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বেতনসংক্রান্ত জটিলতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। যানজট নিরসনেও কাজ করছে শিল্প পুলিশ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!