হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

কুড়িগ্রাম শহরে ভয়াবহ জলজট ডিসি অফিসসহ বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ চরমে, জরুরি পদক্ষেপের দাবি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৬ বার

মনজুরুল ইসলাম

টানা বৃষ্টি ও অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলজটের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) এলাকা, হাসপাতাল সড়ক, বাজার এলাকা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন সড়ক এবং আবাসিক এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বিশেষ করে ডিসি অফিস সংলগ্ন এলাকায় হাঁটুসমান পানি জমে থাকায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। অনেক স্থানে ড্রেন উপচে ময়লা-আবর্জনাযুক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, সামান্য বৃষ্টিতেই শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না হওয়া, ড্রেন দখল, অপরিকল্পিত নির্মাণকাজ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবের কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শহরের ব্যবসায়ীরা জানান, জলজটের কারণে ক্রেতা কমে যাওয়ায় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অনেক দোকানে পানি প্রবেশ করায় মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া রিকশা ও ছোট যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

এদিকে সচেতন মহল বলছেন, একটি জেলা শহরে বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি অত্যন্ত দুঃখজনক। তারা মনে করছেন, শুধুমাত্র সাময়িক পানি নিষ্কাশন নয়, দীর্ঘমেয়াদি ও টেকসই ড্রেনেজ ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি।

শহরবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসনে ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সংশ্লিষ্ট -এর প্রতি অবিলম্বে ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা গ্রহণ, খাল পুনঃখনন এবং দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দাবি জানান।

নাগরিকদের অভিযোগ, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!