হোম / অপরাধ
অপরাধ

কুড়িগ্রামে সাংবাদিক হারুন উর রশীদের নামে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি; দোষীদের শনাক্তে তদন্ত শুরু

প্রকাশ: 9 July 2026, 09:16 PM পড়া হয়েছে: ২০ বার

নিজস্ব প্রতিবেদকঃ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ছবি, নাম ও পরিচয় ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় বিকৃত, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে কুড়িগ্রাম সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় দৈনিক দিনকাল-এর স্টাফ রিপোর্টার ও দৈনিক যুগের আলো-এর কুড়িগ্রাম প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হারুন উর রশীদ।
থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবে অবস্থানকালে তিনি “Nationalist Kurigram” নামের একটি ফেসবুক আইডিতে তার ছবি ও পরিচয় ব্যবহার করে প্রচারিত একটি আপত্তিকর পোস্ট দেখতে পান। ওই আইডি থেকে তার বিরুদ্ধে ভুয়া, বিকৃত ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
জিডিতে হারুন উর রশীদ উল্লেখ করেন, প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অপপ্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, কুড়িগ্রামে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের জের ধরে একটি স্বার্থান্বেষী মহল প্রতিহিংসাবশত পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে সাংবাদিক হারুন উর রশীদ বলেন, “সম্প্রতি জেলার বিভিন্ন দপ্তরের অনিয়ম-দুর্নীতি নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেছি। এরই প্রতিক্রিয়ায় একটি চক্র ফেক ফেসবুক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আমাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করা এবং সত্য প্রকাশে বাধা সৃষ্টি করা।”
তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের সাইবার অপপ্রচার ও পরিচয় জালিয়াতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুর রহিম বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে সিনিয়র সাংবাদিক হারুন উর রশীদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন, কুড়িগ্রাম প্রেসক্লাব, ইউনাইটেড প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সংগঠনগুলোর নেতারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!