জাহিদ হাসান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও মা আয়েশা (রা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রাম থেকে মাইদুল ইসলাম (মানিক) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের বকশা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মাইদুল ইসলাম মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) ও মা আয়েশা (রা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট প্রকাশ করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে স্থানীয়রা দ্রুত বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

Leave a Reply