মোঃ রফিকুল ইসলাম, কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মোল্লাহ যুব সমাজ আয়োজিত নৈশকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে গোলেরহাট লাল দলকে ৩-০ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোল্লাহপাড়া ব্যাডমিন্টন দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টায় অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনাল খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন শতাধিক দর্শক উপস্থিত হন।
ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান তোলা ব্যাপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আ. খ. ম. ওয়াজিদুল কবির রাশেদ। খেলাটির উদ্বোধন করেন আলহাজ মোহাম্মদ আলীর ছেলে আপেল মাহমুদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কচাকাটা থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজুল মণ্ডল ও কচাকাটা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শাকিল হাসান।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে।
আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁরা ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।
পুরো আয়োজন ঘিরে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

Leave a Reply