হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

যাত্রীদের প্রাণ বাঁচাতে নিজের জীবন উৎসর্গ: নিহত দুলালের পরিবারের পাশে ইউএনও

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৭ বার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস দুর্ঘটনায় যাত্রীদের জীবন রক্ষা করতে গিয়ে নিহত বাস হেলপার দুলালের পরিবারের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
রোববার সকালে উপজেলার কেজি স্কুলপাড়া দেওয়ানের খামার গ্রামে নিহত দুলালের বাড়িতে গিয়ে ইউএনও তার স্ত্রী মোসলিমা খাতুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের প্রতি সমবেদনা জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।
জানা যায়, গত শুক্রবার রাতে আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধলেশ্বরী টোল প্লাজার কাছে পৌঁছালে হঠাৎ ব্রেক বিকল হয়ে যায়। বাসচালক নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা করেও ব্যর্থ হলে বাসের হেলপার দুলাল যাত্রীদের জীবন রক্ষায় ঝুঁকিপূর্ণ উদ্যোগ নেন। তিনি চলন্ত বাস থেকে নেমে কাঠের গুঁড়ি ও ভারী বস্তু চাকার নিচে দিয়ে বাসটি থামানোর চেষ্টা করেন।
একপর্যায়ে বাসটি থামাতে সক্ষম হলেও নিজেই বাসের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। তবে তার সাহসী ও আত্মত্যাগী পদক্ষেপের কারণে বাসে থাকা সকল যাত্রী অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পান।
নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে ইউএনও অমৃত দেবনাথ বলেন, “নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য যাত্রীর প্রাণ বাঁচানোর জন্য দুলালের এই আত্মত্যাগ সত্যিই বিরল ও অনুকরণীয়। তার সাহসিকতা এবং মানবিক দায়িত্ববোধ আমাদের সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি পরিবারের সার্বিক মঙ্গল কামনা করেন এবং সরকারি সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনীয় আবেদন করার পরামর্শ দেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
পরিদর্শন শেষে ইউএনও নিহত দুলালের স্ত্রী মোসলিমা খাতুনের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। এলাকাবাসী দুলালের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয়ভাবে তার পরিবারকে সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!